সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে আয়েশা খাতুন(৬০) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলে ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।বুধবার (২ আগস্ট) আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ আদর্শ গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আয়েশা খাতুন একই এলাকার মৃত আক্কাস মোল্লার স্ত্রী।আটককৃতরা হলো- আয়েশা খাতুনের ছেলে রমজান আলী(৩৯) ও তার স্ত্রী মিনারা খাতুন(৩৩)।
পুলিশ জানায়, পরিবারটিতে প্রায়ই কলহ ও ঝগড়াবিবাদ লেগে থাকতো। আজ সকাল ৯টার দিকে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। বিষয়টিকে হত্যা বলে দাবি করে এলাকাবাসী জানান, পরিবারটি অতি দরিদ্র হওয়ায় আর্থিক টানাপোড়েন নিয়ে প্রায়ই আয়েশা খাতুনের সাথে তার ছেলে ও ছেলের বউয়ের বচসা লেগে থাকতো। মৃতের ছেলে ও তার স্ত্রী তাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে বলে দাবি করেন তারা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোমিনুল ইসলাম জানান, মরদেহটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে মৃতের ছেলে ও ছেলের বউকে আটক করে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ





























