শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে বাসু কর্মকার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার(৩’রা মে) সকাল সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসু কর্মকার ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।

আহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে তারা হলেন, যশোর সদর উপজেলার কোদালিয়া এলাকার বাসিন্দা ফুলমতি (৪৫), শেখহাটি এলাকার ছাবিনা বেগম (৪৪), পুলেরহাট এলাকার মাসুম (২২), বাহাদুরপুর এলাকার রিপন (৬০) ও আবু সাঈদ (৩০), তফসিডাঙ্গা এলাকার আনোয়ার (৫৫), রাজশাহী সদর উপজেলার বাসিন্দা অজয় বিশ্বাস (৪৫), মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী আল-আমিন (২৫), আরাফাত (২৩), জাকির (২৩) ও লিংকন (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব- ১৪-১৬৫৪) দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে কোদালিয়া স্কুলের সামনের মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চার কলেজছাত্রসহ বাসের কমবেশি ২০ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এর মধ্যে গুরুতর আহত ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে বাসু কর্মকার নামে ওই যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যশোর সদরের ইছালী পুলিশ ফাঁড়ির এসআই মোকাররম হোসেন জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

যশোর নিউজ ডেস্ক ।। বিদি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে