
জহির সিকদান, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর তা কেবল সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারনে। মঙ্গলবার(২রা মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে পরিচিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে ভালোবাসেন। তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট চেয়েছেন। এ বার্তা পৌঁছে দিতেই আমি আপনাদের কাছে এসেছি। কেন তিনি নৌকা মার্কায় ভোট চেয়েছেন? কারণ বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন।
আইনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনায় বলা আছে- বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালে একটি উন্নত দেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত করা হবে। আমরা দরিদ্র থাকতে চাই না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঠিক করলেন যারা বাংলাদেশে গৃহহীন তাদের সকলকে ঘর দেবেন। কারণ তিনি দেশের মানুষকে সন্তানের মতো ভালোবাসেন বলেই এই কথা বলেছেন এবং তিনি তা করেছেন । তার সেই পরিকল্পনা আজ বাস্তবায়িত হয়েছে। শুধু ঘরই না, ঘরসহ খাস জমিও দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন প্রধানমন্ত্রী সারাদেশের মধ্যে আমার নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলায় সবচেয়ে বেশি ঘর বরাদ্দ দিয়েছেন। সেই ঘর এখনো আমি বানাচ্ছি। যারা গৃহহীন তাদের দিচ্ছি। বাংলাদেশে এখন উন্নয়নের চাকা ঘুরছে এবং তা অব্যাহতভাবে ঘুরতে থাকবে।
আইনমন্ত্রী আরো বলেন, আপনারা জেনে খুশি হবেন কসবা ও আখাউড়া উপজেলার ১৪৮৬ জন শিক্ষিত বেকার যুবককে আমি সরকারি চাকরি দিয়েছি ও ৭০০ জনেরও বেশি লোককে নকল নবিশ বানিয়েছি। সব মিলিয়ে ২২০০ লোককে চাকরির সংস্থান করে দিয়েছি। এমনটি সারা বাংলাদেশে আর কোথাও হয়নি। আপনারা খুঁজে দেখতে পারেন। এখন তো ইন্টারনেটের যুগ আপনারা সার্চ করলেই তা বের করতে পারবেন। আমি আপনাদের সন্তান হিসেবে বলি আমি যে উন্নয়ন শুরু করেছি সেই উন্নয়ন অব্যাহত রাখব। আমি আপনাদের সন্তান আর সন্তান হয়েই থাকতে চাই।
খালেদা জিয়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলায় আদালত বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। কোনো আদালত তাঁকে জামিন না দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মহানুভবতা দেখিয়ে আইনের একটি ধারায় তাঁর সাজা স্থগিত রেখে মুক্তি দিয়েছেন। এখন তাঁর থাকা উচিত ছিল জেলখানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় ও বর্তমান সরকারের মানবিকতার কারণে খালেদা জিয়া এখন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন তাঁরা বলে আমরা নাকি অমানবিক আচরণ করছি। মূলত বিএনপি মানবিক আর অমানবিকের অর্থ বোঝে না বলেই আবোল-তাবোল বলছে। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি’র সাহস থাকলে নির্বাচনে আসুক। মন্ত্রী এর আগে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ, শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ বিভিন্ন স্থানে সভা করেন। পথসভায় তিনি আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিশু মিয়ার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী দীপক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোরাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল প্রমুখ। সভা শেষে মন্ত্রী দুপুরের দিকে মনিয়ন্দ ইউনিয়নের আরও কয়েকটি গ্রামে জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক । বিডি টাইমস নিউজ





























