জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে এখন আইনের শাসন ও গণতন্ত্র আছে। নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না যে দেশে এখন কোন হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই। আর এখন তারা আইনের শাসনের কথা বলে।

সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মিসভায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, বিএনপি তাদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে। সেই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল, তাদের বিচার করতে পারবে না বলেও আইন পাশ করেছিলেন খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। সেটিকেই আইনের শাসন মনে করে বিএনপি। আর আমরা আওয়ামী লীগ মনে করি যেখানে আইন আছে ,সেখানে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন যেভাবে লেখা আছে, সেভাবেই জনগণকে মেনে চলতে হবে, আমরা মনে করি সেটিই আইনের সুশাসন। আর যারা বলেন দেশে আইনের শাসন নেই,তাদের প্রতি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইনের শাসন মানে কী, বিএনপি আসলে সেটিই জানে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ সংবিধান নিয়ে বিএনপি ও জাতীয় পার্টির স্বৈরাচার আমলে অনেক ফুটবল খেলেছেন। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মিসভায় সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এ’সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: তাকজিল খলিফা কাজল সহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে