কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ।বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই শুনানি হবে।

রবিবার কুমিল্লায় নাশকতার দু’টি এবং নড়াইলে মানহানির একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন দাখিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। বিএনপি নেত্রীর বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তিনি জামিনে নেই। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ছেড়ে আসা আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে বাসটির ৮ জন যাত্রী মারা যান। এ ঘটনায় দায়ের করা দুই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।চলতি বছরের ২রা জানুয়ারি কুমিল্লা জেলা ও দায়রা জজ ২টি মামলায় খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াতের ৭৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।অন্যদিকে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে ২০১৫ সালের ২৪শে ডিসেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে ১ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়।

জেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ২৫শে জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। সমন গ্রহণ না করায় ওই বছরের ২৩শে আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

অনলাইন ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে