নানা আয়োজন আর বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে গোটা জাতি। বিভাগ ও জেলায় স্বাধীনতা দিবস ঘিরে নেয়া হয়েছে ভিন্ন ভিন্ন কর্মসূচি। রোববার (২৬ মার্চ)সকালে মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেহেরপুর
নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বগুড়া
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক দলসমূহ সমাবেশ, র্যালি, আলোচনা সভা এবং শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণসহ বিস্তারিত কর্মসূচি পালন করছে। এছাড়া সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ।
বরিশাল
বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনগণ। পরে সকাল সাড়ে ৮টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত ও সীমিত পরিসরে কুচকাওয়াজ প্রদর্শনী করা হয়।

জামালপুর
জামালপুরে দিবসটির প্রথম প্রহরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। রাজাকারমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার শপথ নিয়ে পরে জামালপুরে শহীদ বেদী ও বধ্যভূমিগুলোতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
কুষ্টিয়া
জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়াবাসী। সকালে জেলা কালেক্টরের চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়ারুল আলম। এছাড়াও নানা কর্মসূচিতে জেলার পৌরসভায় ও উপজেলাগুলোতে দিবসটি পালিত হচ্ছে।

ঝালকাঠি
ঝালকাঠিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। এছাড়া দিনব্যাপী জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাঙামাটি
রাঙামাটিতে শতকণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। এছাড়া সকাল আটটায় চিং হ্লা মং মারী স্টেডিয়ামে শতকণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমেপতাকা উত্তোলন করা হয়।

ঝিনাইদহ
ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। সকাল সাড়ে ৬ টায় শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ডে শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।





























