তিনদিনের সফরে বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এর সহকারী নির্বাহী পরিচালক ভ্যালেরি গুয়ারনিয়েরি। রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সরবরাহ থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনা বাংলাদেশ খুব ভালো করে করেছে বলে মনে করেন তিনি। এই মুহূর্তে সাড়ে আট লাখ রোহিঙ্গাকে খাদ্য সরবরাহ করছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম।
আর এ বাবদ সংস্থাটির কাছে রয়েছে মাত্র ৪৩ লাখ ডলার। আগামী ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের খাদ্য বাবদ ২০ কোটি মার্কিন ডলার দরকার। আর এখনই এই টাকা না পেলে রোহিঙ্গা শরণার্থীদের পুষ্টিকর খাবার দেয়া সম্ভব হবে না বলে জানান ভ্যালেরি গুয়ারনিয়েরি। টাকা না পেলে চাল, ডাল, তেলসহ পুষ্টিকর খাবারের যে প্যাকেজটি এখন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সরবরাহ করছে তা শেষ হয়ে যাবে। তাই দাতা দেশগুলো এখনই এগিয়ে না এলে খাবার সরবরাহ কমিয়ে দিতে হবে।
বর্ষা মৌসুম আসার আগেই কিছু খাদ্য মজুদ করার কথাও ভাবছে জাতিসংঘের এই সংস্থাটি।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























