
আহসান হাবিব, তেতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টিউলিপ বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান।
আজ সোমবার (১৩’ই ফেব্রয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ফুল চাষীরা। এ’সময় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স তার সফর সঙ্গি ছিলেন। স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সহযোগি সংস্থার আহবানে তিনি টিউলিপ বাগান পরিদর্শনে এসেছেন বলে জানা গেছে।
ডেনমার্কের রাষ্ট্রদূত বাগান প্রবেশ করে উপভোগ করেন টিউলিপের সৌন্দর্য। বাংলাদেশের মতো দেশের সীমান্তের অঞ্চলে এরকম নেদার ল্যান্ডের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তারা অভিভূত হন। এ সময় তারা এ অঞ্চলে টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত ২০ জন নারী ফুল চাষীর সাথে কথা বলেন। টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়েও কথা বলেন। পরে ইএসডিও ও পিকেএসএপের উদ্যোগ, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও ড. আর্নো হ্যামেলিয়ার্স । এ’সময় কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ) এর দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ এর ভ্যালুচেইন ষ্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা,অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।
দেশের সর্ব উত্তরের শীতপ্রবণ প্রান্তিক এলাকা তেঁতুলিয়া উপজেলায় গত বছরের মত এবারও পিকেএসএফ এবং ইফাদ এর সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাটির উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামে এক লাখ পিছ টিউলিপ ফুলের চারা লাগানো হয়। দুই একর জমিতে ২০ জন স্থানীয় নারী কৃষকের লাগানো চারায় সম্প্রতি ১০ প্রজাতির বাহারি টিউলিপ ফুল ফুটেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক টিউলিপ বাগান দেখতে ভিড় করছেন দর্জিপাড়া গ্রামে।
তেতুলিয়া(পঞ্চগড়) নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























