
জাকারিয়া সোহাগ, রাবি প্রতিনিধি।। ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে সিঙ্গাপুরে ২৮ নভেম্বর থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। কনফারেন্সের ৩য় দিনে আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে তিনি ‘বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে লিঙ্গ সমতা’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য প্রদান করেন। পরে তাঁর সাথে আন্তর্জাতিক শিক্ষা-গবেষণার মানোন্নয়ন বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন-এর গবেষণা ও উন্নয়ন বিষয়ক মহা-ব্যবস্থাপক রীথিন মালহোত্রা রাবি উপাচার্যের সাথে সাক্ষাত করেন।
এসময় তাঁরা রাবির র্যাংকিং বৃদ্ধির মাধ্যমে কীভাবে একে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেন। ক্রমপর্যায়ে জাতীয় পর্যায়ে মানবৃদ্ধি এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে রাবির র্যাংকিং বাড়ানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ বিষয়ে আগামী মাসে অনলাইনে উভয় পক্ষের এক সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে এ বিষয়ে মহাব্যবস্থাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করবেন এবং উভয় পক্ষ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
সাক্ষাতের সময় অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ উপস্থিত ছিলেন।



























