সিলেট থেকে এবার সরাসরি ফ্লাইট চালু হলো আরব আমিরাতের শারজাহ এবং সৌদি আরবের জেদ্দায়। এতে খুশি এ রুটের যাত্রীরা। তারা বলছেন, সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সময় বাঁচার পাশাপাশি কমবে ভোগান্তি।
বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, সপ্তাহের প্রতি সোমবার জেদ্দা এবং মঙ্গলবার শারজাহ’র উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। সিলেট থেকে হাজারো যাত্রী প্রতিবছর হজ ও ওমরাহ পালনসহ চাকরি এবং ব্যবসায়িক কাজে অংশ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করেন। এতদিন সিলেট থেকে কানেক্টিং ফ্লাইটে পৌঁছাতে হত গন্তব্যে। এতে নানা ভোগান্তি পোহাতে হতো যাত্রীদের। অবশেষে সিলেট থেকে সৌদি আরবের জেদ্দা ও আরব আমিরাতের শারজাহতে সরাসরি ফ্লাইট শুরু হলো। এতে খুশি যাত্রীরা।
বিমান কর্তৃপক্ষ বলছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল এবং রানওয়ে সক্ষমতা বাড়ায় নতুন রুটে ফ্লাইট চলাচলের সম্ভাবনা বাড়ছে। সরাসরি নতুন ফ্লাইট চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপরে চাপ কমবে বলে জানান এই কর্মকর্তা। দেশের প্রায় ৩০ লাখ প্রবাসীর মধ্যে সিলেটের অধিবাসী সবচেয়ে বেশি।





























