জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগের চিকিৎসাসহ নতুন কয়েকটি সেবা চালু করা হয়েছে।
সকালে হৃদরোগ, চোখের চিকিৎসা ও আলট্রাসনোগ্রাফিসহ নতুন কিছু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসব সেবার মধ্যে রয়েছে চক্ষু বিভাগ, প্যাথলজি বিভাগ, ভিআইপি কেবিন। ইতিমধ্যেই হাসপাতালের পুরাতন ভবন সংস্কার করা হয়েছে। এসব কার্যক্রমের উদ্বোধন করেন আইইডিসিআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবু ইউসুফ নুরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার মো. লুৎফুর রহমান, ডা. নুরে সাবা, ডা. মো. আবু হামেদ প্রমুখ।
এসময় অতিথিরা বিভিন্ন সেবা কক্ষগুলো ঘুরে দেখেন। এবং হাসপাতালের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে। নতুন সেবা কার্যক্রমের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান জানান, করোনাসহ বিভিন্ন কারণে কিছুদিন প্যাথলজি সেবা বন্ধ থাকে। এখন পুরোদমে সেবা মিলবে। বিভিন্ন সংকট কাটিয়ে চোখের চিকিৎসা ও আলট্রাসনোগ্রাফিসহ হৃদরোগ বিভাগ নতুন করে আরও কিছু সেবা, কার্যক্রম চালু করা হয়েছে আমাদের হাসপাতালে। এখন থেকে নুন্যতম সরকারি ফি দিয়ে এসব চিকিৎসা সেবা নিতে পারবেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ





























