মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। যুবদলের ৪৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে ঝালকাঠি জেলা যুবদল। এউপলক্ষে শহরের পশ্চিম চাঁদকাঠিস্থ পালবাড়ি সংযোগ সড়ক এলাকায় জেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার।

শোভাযাত্রাটি বের হয়ে কিছুদূর সামনে আগালে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের সাথে কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে তা পন্ড হয়ে যায়। পরে বিক্ষোভে রূপান্তর হয় শোভাযাত্রাটি। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব এডভোকেট আনিচুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, এনামুল হক সাজু প্রমুখ। এ কর্মসূচীতে যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমরা শান্তিপুর্ণভাবে শোভাযাত্রার আয়োজন করেছিলাম। অগণতান্ত্রিক সরকার আমাদের কর্মসূচীতে পুলিশ দিয়ে বাধা দেয়। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশের বাধা উপেক্ষা করিনি। পরে আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে আগামী ৫নভেম্বর বরিশালে বিএনপির মহাসমাবেশ সফল করতে প্রস্তুতি সম্পর্কে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করা হয়।

দায়িত্বরত সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচী পালন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি নেই। তাই আমরা বিশৃঙ্খলার আশঙ্কায় শোভাযাত্রা নিয়ে সামনে অগ্রসর হতে দেইনি।

ঝালকাঠি নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে