রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল ১০’টা থেকে বেলা সাড়ে ৩’টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের ২০ একর জমি উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে রেলওয়ের জমি বেদখল করে পাকা অবকাঠোমো তৈরির দায়ে দখলদারদের কাছ থেকে ৮২ হাজার ৫ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। পরে পৌর মেয়র রাফিকা আকতার জাহানের হস্তক্ষেপে অভিযান স্থগিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর ভুসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় বিসিক শিল্পনগরীর সামনের আলোচিত শেখ সাদ কমপ্লেক্স সহ আশেপাশের প্রায় ২০ একর জমি উদ্ধার করে সীমানা নির্ধারণী লাল পতাকা স্থাপন করা হয়। এসময় ওই কমপ্লেক্সে তালা লাগিয়ে দেয়। সিলগালা করা হয় রেলওয়ে কোয়ার্টার ভেঙ্গে গড়ে তোলা একই রোডের আকতার মটরস ও শহরের মুন্সিপাড়া এলাকার সাইফুল ইসলাম নামের এক ব্যাক্তির বহুতল ভবন। রেলের এসব জায়গা দখল করে ঘরববাড়ি নির্মাণ করা হয়। ৫থেকে ২০বছর ধরে এসব স্থাপনা গড়ে উঠেছে। এদিন অবৈধ দখলদার সাইফুল ইসলামের ১০হাজার, সাইদুর রহমানের ১১হাজার ৫শ’, মাহবুবুর রহমানের, আখতার হোসেন ও শহিদুল ইসলামের ১৫হাজার করে, ওয়ালটন শোরুমের ৩০ হাজার এবং মুন্সিপাড়ায় সরকারী কাজে বাধা দেয়ায় আনিছুর রহমানের ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর শহরের প্রাণকেন্দ্রে তামান্না সিনেমা হলে তালা লাগাতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এসময় পৌর মেয়র রাফিকা আকতার জাহান সকল কাউন্সিলর সহ উপস্থিত হয়ে উচ্ছেদ বন্ধের অনুরোধ জানান। এতে ম্যাজিস্ট্রেট সম্মত না হওয়ায় মেয়র বলেন, সৈয়দপুরবাসীর কোন স্থাপনায় বুলডোজার চালানোর আগে আমার উপর দিয়ে যেতে হবে। এতে উপস্থিত জনগণের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান স্থগিত করে চলে যান।অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন, সৈয়দপুর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (কারখানা) আহসান উদ্দিন, ভূসম্পত্তি রক্ষনাবেক্ষন অফিসের সহকারী প্রকৌশলী (আই ও ডাব্লিউ) আশরাফুল ইসলাম ও পার্বতীপুর ফিল্ড কানুনগো অফিসের কানুনগো জিয়াউল হক। তাদের সহযোগীতা করেন সৈয়দপুর থানাা পুুুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) রিজার্ভ ফোর্স।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে