
মোহাম্মদ শরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি।। নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র কওে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আফতাব আলী ও আওয়ামীলীগ কর্মি রুহুল আমিন নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব আলীর সাথে বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে প্রথমে আফতাব গ্রুপের সমর্থকরা বামিহাল গ্রামে ফরিদুল সমর্থক কুদ্দুসের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে ফরিদুল সমর্থক তিনজন আহত হয়। পরে ফরিদুল সমর্থকরা আফতাব ও তার সমর্থক কালামের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জখম কওে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আফতার আলীকে মৃত ঘোষনা করেন।
আহতদের মধ্যে রুহুল আমিন সহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে রুহুল আমিন মারা যায়। এ ঘটনায় এখনো কেউ কোন মামলা দায়ের করেনি।
নাটোর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























