রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
ঈদে মিলাদুন্নবী (সা.) উপল‌ক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলাদা দুটি সংগঠনের ব্যানারে ভিন্ন সময়ে বিশাল দুটি জশনে জুলুস অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। মিলাদুন্নবীর শোভাযাত্রা দুটি সফলভাবে পালনে সৈয়দপুর থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রায় প্রতিটি মোড়ে মোড়ে এবং সমাবেশ স্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

রোববার দুপুর দুইটার দিকে দাওয়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে যৌথভাবে নেতৃত্ব দেন দাওয়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া আত্তারি ও সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রাহাত রাযা আত্তারি। মিছিলটিতে হাজার হাজার আশেকে রাসুল অংশ নেন। এর আগে সকাল ১০’টার দিকে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নত ওয়াল জামাত সৈয়দপুর উপজেলা ও পৌর কমিটির ব্যবস্থাপনায় আরেকটি মিছিল স্থানীয় রেলওয়ে মাঠ থেকে বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়।

ভারত থেকে আগত পীর সৈয়দ কালিম আশরাফ আল আশরাফীর নেতৃ‌ত্বে এ মিছিলে প্রায় অর্ধ লাখ আশেকে রাসুল কালেমা তাইয়েবাখচিত পতাকা নিয়ে অংশ নেন। প‌রে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব নুর উদ্দীন আশরাফীর সভাপতিত্বে রেলওয়ে মাঠে ঈদে মিলাদুন্নবী মাহ‌ফিল হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ইউপি রাজ্য থেকে আসা পীর সৈয়দ কালিম আশরাফ আল আশরাফী।

আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফীর সঞ্চালনায় মাহ‌ফি‌লে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়েমন থেকে আসা ফারেগ মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী একে এম রাশেদুজ্জামান রাশেদ, আহলে সুন্নাত ওয়াল জামাত নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব গোলজার আহমেদ আশরাফী, সাধারণ সম্পাদক হিটলার চৌধুরী, আঞ্জুমানে গাউসিয়া সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক হাজী তসলিম প্রমুখ। পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন সৈয়দ কালিম আশরাফ আল আশরাফী।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে