জঙ্গি, মাদক ও সন্ত্রাস দমনে র‍্যাব দেশের মানুষের আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন, বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিপুল সংখ্যক জঙ্গি গ্রেফতারে র‍্যাব সফল হয়েছে দাবি করে তিনি জানান, এর সুফল সাধারণ মানুষ ভোগ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা র‍্যাবের কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলেনি। র‍্যাব সবসময় আইন মেনে কাজ করে।

দু’বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে পদোন্নতি পেয়ে পুলিশ মহাপরিদর্শক হিসেবে যোগদানের আগে আজ (বুধবার) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংস্থাটির বিদায়ী মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন। দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে তিনি বলেন, যেখানে যে টুকু শক্তি প্রয়োগ করা প্রয়োজন, সেখানে সেটুকু শক্তি প্রয়োগ করে র‍্যাব। অপরাধী আক্রমণ করলে নিজেদের আত্মরক্ষার্থে আইন অনুযায়ী ব্যবস্থা নেন তারা।

র‍্যাব বিদায়ী মহাপরিচালক চৌধুরী মামুন বলেন, অনেক অভিযানে র‍্যাব সদস্যরা আহত ও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমাধান করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।পুলিশের অতীত ঐতিহ্য ধরে রাখবেন তিনি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকালীন কমিশনের অধীনে দায়িত্ব পালনের সময়ে ইসির নির্দেশনা মেনে চলার কথাও বলেন নতুন আইজিপি। এসময় তিনি জানান, অনেক হত্যাকান্ডসহ চাঞ্চল্যকর ঘটনার আসামীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত এই আইজিপি বলেন, নির্বাচনকালীন সময় পুলিশ ইসির নির্দেশনা মোতাবেক কাজ করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে