জাতীয় ঐক্য গড়ে তুলে এই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেছেন, আওয়ামী লীগের অধীনে নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। রাজধানীর সায়েদাবাদে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতারা বলেন, এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মাসজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর সায়েদাবাদে সমাবেশ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। দুপুরের পর থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় যাত্রাবাড়ী ও ডেমরার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছে। দুর্নীতি ও লুটপাট করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, গেলো ১৫বছরে মামলা নির্যাতন করে তাদের দাবিয়ে রাখতে পারেনি সরকার। শিগগিরই ক্ষমতাসীনদের পতন ঘটানো হবে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় জানান, সরকার পতনে জাতীয় ঐক্যের রূপরেখা তৈরি করা হচ্ছে।





























