জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত। লন্ডনে প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগদান শেষে, স্থানীয় সময় রাত ৮টায় লন্ডনের স্টানস্টেড আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ আয়োজিত সংবর্ধনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর ফিলিপো গ্রান্ডি এবং স্লোলোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে যোগ দেবেন জাতিসংঘে নারী নেত্রীদের প্ল্যাটফর্মেও। দিনের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনাতেও অংশ নিবেন প্রধানমন্ত্রী।
আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের টেকসই আবাসনবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ডব্লিউইএফের নির্বাহী পরিচালক শোয়াব ক্লাউসের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নস মিটিংয়েও যোগ দেবেন সরকার প্রধান। এদিন বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। পরে কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি-সাদ্রিউ ও ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেন্ডোজার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের(এএমআর)ওপর একটি প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন। তিনি আইওএমের মহাপরিচালক আন্তোনিও ভিটোরিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।একই সাথে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। পরে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন, আইসিসির প্রসিকিউটর নিক ক্লেগ ও করিম খানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২৩’শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪’শে সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
গেল ১৫’ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।রোববার লন্ডনের ওয়েস্ট মিনস্টার হলে রানির কফিনে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পথে রওনা হন।
নিউ ইয়র্কের কর্মসূচি শেষে ২৫’শে সেপ্টেম্বর থেকে ১’লা অক্টোবর ওয়াশিংটন ডিসি সফর করবেন প্রধানমন্ত্রী। ২’রা অক্টোবর ওয়াশিংটন ডিসি থেকে রওনা হয়ে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে ২’রা অক্টোবর মধ্যরাতে’ই দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।





























