মাসুদ রানা, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।।
দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের দুটি দধি-মিষ্টির দোকান এবং একটি হোটেল দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার(৭’ই সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরস্থ শাপলা চত্বর ও ঘোষ পাড়া এলাকায় বাজার তদারকি অভিযানে দুটি দধি-মিষ্টির দোকান এবং একটি হোটেল দোকানীকে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে জেলা শহরস্থ শাপলা চত্বর ও ঘোষ পাড়া এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় দই-মিষ্টির প্যাকেটে গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য না থাকায় শাপলা চত্বরের পাবনা প্লাস দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা ও একই অপরাধে ঘোষ পাড়ায় অবস্থিত বৈকালি দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং খাবার ঢেকে না রাখা, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে শাপলা চত্ত্বরে অবস্থিত জান্নাত হোটেলকে ৫ হাজার টাকাসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে