যশোরের শার্শায় পুলিশ ও স্বর্ণ চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত অলিয়ার রহমান স্বর্ণ চোরাকারবারিতে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় প্রায় ১০ কেজি ওজনের ৩০টি স্বর্ণবারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে যশোরের গোয়েন্দা পুলিশ ও শার্শা থানা পুলিশ যৌথভাবে এ অভিযানে নামে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা থেকে যশোরের দিকে আসা একটি প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসাবাদ করে টহল দল। এ সময় মহাসড়কের দুইপাশ থেকে পুলিশের ওপর ককটেল ছুঁড়ে প্রাইভেটকারের যাত্রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ৫০ থেকে ৬০ জনের একটি দল। এ’সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে প্রায় ১০ কেজি স্বর্ণ ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


























