বুধবার ২১ ফেব্রুয়ারী ২০১৮, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাজছিল অমর সেই গান ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..
তারা ফুল দেওয়ার পর স্পিকার শিরীণ শারমিন চৌধুরী ফুল দেন শহীদ বেদীতে। এরপর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের পর শহীদ বেদিতে ফুল দেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এরপর ফুল দেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের নেতারা।
তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং পুলিশ প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়োরী ফুল দেন শহীদ বেদিতে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শ্রদ্ধা জানানোর পর ফুল দেন ঢাকাস্থ বিভিন্ন মিশনের কূটনীতিকরা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














