আফগানিস্তানে নিযুক্ত মার্কিন ও ন্যাটোর সেনারা দেশটির বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে। প্রায় ২০ বছর সেখানে অবস্থানের পর শুক্রবার নিজ সেনাদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণার অংশ হিসেবে মার্কিন সেনারা ঘাঁটিটি ত্যাগ করেন৷ কাবুল থেকে ৪০’কিলোমিটার দুরে অবস্থিত বাগরামের এ ঘাঁটিটি ছিল মার্কিন সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি৷ এখান থেকে তালেবান ও জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করা হতো। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আফগানিস্তানে নিযুক্ত যৌথবাহিনীর সব সদস্য বাগরাম ঘাঁটি ত্যগ করেছে৷তবে বাগরামের এ ঘাঁটিটি আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আফগানিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, আফগান বাহিনীর কাছে বিমানঘাঁটিটি আনুষ্ঠানিক হস্তান্তরের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমানঘাঁটি ছিল বাগরাম। আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও ন্যাটো বাহিনী এত দিন এই বিমানঘাঁটি ব্যবহার করে আসছিল। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংশ্লিষ্টতার সময় এই বিমানঘাঁটিতে হাজারো সেনার উপস্থিতি ছিল। বাগরাম বিমানঘাঁটিকে কেন্দ্র করেই গত দুই দশক আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা পরিচালিত হয়। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানের কমান্ড স্থাপিত হয় এই বিমানঘাঁটিতে। কারাগার হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে। প্রায় দুই দশক ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানছে যুক্তরাষ্ট্র। আগামী ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সব সেনা প্রত্যাহার করবে। এ লক্ষ্যে জোরেশোরে কাজ চলছে। প্রত্যাহারের প্রক্রিয়া অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

আফগানিস্তান থেকে ধীরে ধীরে নিজেদের সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে জোটবাহিনী৷ গত সপ্তাহ পর্যন্ত ১৯টি দেশ আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়৷ ইতোমধ্যে জার্মানি, ইটালি ও পর্তুগাল সেখান থেকে সব সৈন্য ফিরিয়ে নিয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে