করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৩০’লাখ ডলার মূল্যের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও সুরক্ষা সামগ্রী দিয়েছে যুক্তরাষ্ট্র, যা সীমান্ত জেলাগুলোতে বিতরণ করা হবে। বাংলাদেশে কোভিড-১৯’র বিস্তার রোধে এবং জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এগুলো পাঠিয়েছে মার্কিন সরকার। সেভ দ্য চিলড্রেনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ইউএসআইডির ‘মামনি’ মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্পের ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্যান্ডেমিকের সহায়তা বিষয়ক এক অনুষ্ঠানে এগুলো হস্তান্তর করা হয়।
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এসব সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের হাতে তুলে দেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুদানের আর্থিক মূল্য প্রায় ৩০ লাখ ডলার। কোভিড সংক্রান্ত সামগ্রীর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণে পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।
বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে, যেখানে সাম্প্রতিককালে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বেড়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, “আজকে কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধের হস্তান্তর এই সঙ্কট যৌথভাবে মোকাবিলায় অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইউএসএআইডি বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআরবির কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন অনুদান পাওয়া জেলাগুলোর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।





























