ছুটি নিয়ে তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তবে তাকসিম এ খান কাউকে দায়িত্ব হস্তান্তর করে যাননি। কাউকে দায়িত্ব না দেয়ায় বিদেশে বসে ওয়াসা চালানোসহ প্রশ্ন উঠছে নানা বিষয় নিয়ে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি তাকসিম এ খান বলছেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ম মেনেই আমেরিকা গিয়েছেন তিনি। ২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তাকসিম এ খান। দীর্ঘ এ সময়ে আলোচনায় এসেছেন বহু্বার। করোনার মধ্যে তিন মাসের ছুটিতে বিদেশ যাত্রা নিয়ে নতুন করে আলোচনায় তিনি।
এবার প্রশ্ন উঠেছে, কাউকে দায়িত্ব না দিয়েই বিদেশে গেছেন তাকসিম এ খান। তবে ওয়াসার এমডি জানিয়েছেন, রুটিন কাজের জন্য তিনি পরিচালক আবুল কাশেমকে দায়িত্ব দিয়ে গেছেন। বিদেশ যাওয়ার প্রক্রিয়াটি যথাযথ আইন মেনেই হয়েছে বলে জানান তিনি।
তাকসিম এ খান আরো জানান, আইন অনুযায়ী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের নির্দিষ্ট ছুটি বলতে কিছু নেই। তাই বিদেশে বসে দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিদেশ যাওয়ার কারণ হিসেবে রুটিন মেডিকেল চেকআপ এবং পরিবারের সঙ্গে দেখা করার বিষয়টি জানান তিনি। ২৫ এপ্রিল থেকে ২৪ জুলাই পর্যন্ত তিনি ছুটি কাটিয়ে দেশে ফিরবেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























