ছবিঃ কলকাতা ২৪x৭ থেকে নেয়া
পশ্চিমবঙ্গে টানা তৃতীয়বারের মত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসেনি বিরোধীরা। শপথ গ্রহণের দিনই বিরোধীরা সেটা বুঝিয়ে দিল।

আজ বুধবারের রাজভবনের থ্রোন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সিপিএম-এর বর্ষীয়ান নেতা বিমান বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা ও পূর্ববর্তী বিধানসভার বিজেপি-র পরিষদীয় নেতা মনোজ টিজ্ঞা প্রমুখকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অসুস্থতার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। তবে শুধু কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ছাড়া আর কোনও বিরোধী নেতাকে দেখা গেলো না রাজভবনে।

কেন আসেননি দিলীপ ঘোষ? (Dilip Ghosh) উত্তরে তিনি জানিয়েছেন, “ভোটের ফল প্রকাশের পর থেকে যে ভাবে রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলছে তার প্রতিবাদ জানাতে আমি অনুষ্ঠানে যায়নি। তবে ঠিক সেই একই সময়ে হেস্টিংসের কার্যালয়ে এই সঙ্কটের দলবদ্ধ হয়ে কাজ করার জন্য শপথ নিলেন বিজেপি বিধায়ক এবং নেতারা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হেস্টিংসেই ছিলেন। ছিলেন শুভেন্দু অধিকারীও। বিধায়কদের শপথ বাক্য পাঠ করলেন দিলীপ। সবাই ডান হাত সামনে বাড়িয়ে বলেন, রাজ্যের মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই রাজনৈতিক হিংসাকে নির্মূল করার জন্য সর্বতো ভাবে চেষ্টা করব। তবে মমতার শপথে আমন্ত্রণ জানানো হলেও ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও অনুষ্ঠানে দেখা যায়নি।

অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, তিনি আমন্ত্রণ পত্র পাননি। তাই তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই আসছে না। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অনুষ্ঠানে হাজির না হওয়ার প্রসঙ্গে সিপিএম সূত্রে জানা গেছে, রাজ্যে শাসক দলের লোকজন নির্বাচনের ফল প্রকাশের পর বাম কর্মী-সমর্থকদের আক্রমণ করছে, ঘর বাড়ি ভাঙছে। তাই এই শপথ অনুষ্ঠানে গেলে কর্মীদের কাছে ভুল বার্তা যেতে পারে এসব কারণেই বিমান বসু শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের অনুপস্থিতি অসৌজন্যের নজির সৃষ্টি করল।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে