মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে স্থল, নৌ ও আকাশে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সফলতম সামরিক অভিযানের একটি। এ কথা জানালেন যুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নারায়ণ শংকর নারি।
রোববার সকালে ঢাকায় সেনা সদরদপ্তরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭১এ মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতের তিন বাহিনীর ৩৬ বীর যোদ্ধা রোবার সকালে সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রতিনিধি দলের প্রধান ৭১-এর যুদ্ধকে একটি ত্রিমাত্রিক যুদ্ধ হিসেবে উল্লেখ করে স্মৃতিচারন করেন।
অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, এদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর সদস্যরা ভাইয়ের মত কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। ভারতীয় প্রতিনিধি দলটি সকালে নৌ সদরদপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























