বেসামরিক প্রশাসনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান শনিবার এ তথ্য নিশ্চিত করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিজিবি মোতায়েনের এই সিদ্ধান্ত।
এদিকে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন জেলায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। বেশিরভাগ জেলায়ই স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন হয়েছে। প্রয়োজন হলেই কেবল তারা মাঠে নামবেন। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, পরিস্থিতি বিবেচনায় কোনো কোনো জেলা থেকে বিজিবি তুলে নেয়া হচ্ছে। আবার নতুন করে কোনো কোনো জেলায় মোতায়েন করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারিতে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হেফাজত কর্মীদের হামলার পর সংঘর্ষে চারজন নিহত হন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষে রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে কওমি মাদ্রাসার ছাত্ররা। তবে সারা দেশে ঠিক কত প্লাটুন মোতায়েন করা হয়েছে তা পরিস্কার করে জানায়নি সংস্থাটি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























