ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করে দেয়া কর্মসূচিতে সরকার চিন্তিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নরেন্দ্র মোদি নির্ধারিত দিনেই ঢাকায় আসবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের সক্ষমতা সরকারের রয়েছে। মোদির সফর নিয়ে কোনো সংশয় নেই বলে জানান তিনি। সরকার নরেন্দ্র মোদিকে দাওয়াত দিয়েছেন এবং আমরা গর্বিত যে তিনি আসবেন। এজন্য তাকে আমরা সবধরনের সুরক্ষা দেবো। আমাদের যে প্রোগ্রাম আছে, সেভাবেই হবে।
আব্দুল মোমেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বৈঠকে বিনিয়োগ বাড়াতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এসময় পররাষ্টমন্ত্রী আরও জানান, ভুটানের প্রধানমন্ত্রী দুদিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন। নরেন্দ্র মোদির সফর ঘিরে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানান। এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দেশে আমন্ত্রিত অতিথিদের সম্মান দেয়া নাগরিকদের নৈতিক দায়িত্ব। এরআগে সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। বৈঠক শেষে দু-দেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আসতে সম্মত হয়েছে। এ বৈঠক নিয়েই সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এর আগে, সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























