ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএমে সকাল ৯টা থেকে একটানা ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুটি আসনেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা সাংসদ হয়েছিলেন। তাঁদের মৃত্যুতে আসন দুটি শূন্য হয়।

ঢাকা-৫ আসনে ছয় জন প্রার্থী ও নওগাঁ-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু নির্বাচনের সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। নির্বাচনি এলাকায় মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। এছাড়াও শুক্রবার মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত কিছু গণপরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এদের মধ্যে কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ ও জাতীয় পার্টির মীর আব্দুর সবুর। কাজী মনিরুল ইসলাম যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সালাউদ্দিন আহমেদ এই আসনেই সাবেক সাংসদ ছিলেন। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় ঢাকা-৫ আসন।

উত্তরবঙ্গে এই প্রথম ইভিএমে ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মাঝে রয়েছে আগ্রহ। এই আসনে মোট ভোট কেন্দ্র ১০৪টি। সংসদীয় আসনটিতে ভোটার তিন লাখ ৬ হাজার ৭২৫ জন। নৌকা প্রতীকে লড়ছেন আনোয়ার হোসেন ও ধানের শীষে রেজাউল ইসলাম। এছাড়াও লড়ছেন এনপিপির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম।

আনোয়ার হোসেন বর্তমানে রানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আর রেজাউল ইসলাম বর্তমানে নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। নির্বাচন সুষ্ঠু করতে ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসার বাহিনী মোতায়েন রয়েছে। ২৭ জুলাই সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে