স্টাফ রিপোর্টার।। মাদক মুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় মেতে উঠি এই স্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। জাতীয় ক্রীড়াভাষ্যকার কুমার কল্যাণের আয়োজনে খেলায় প্রতিদ্বন্দীতা করে বাঘারপাড়ার ছাতিয়ানতলা তরুণ সংঘ বনাম আগড়া আনসার ভিডিপি বলাকা ক্লাব ।

খেলার প্রথম অর্ধে জুনায়েদের গোলে ১-০ তে এগিয়ে থাকে তরুণ সংঘ ছাতিয়ানতলা দলটি। যদিও খেলার শুরুতে পেনাল্টি পেয়েও গোল করার সহজ সুযোগ নষ্ট করে তরুণ সংঘের সোহান। তার দূর্বল স্পট কিকটা দক্ষতার সাথে রুখে দেন আনসার ভিডিপির গোলরক্ষক। একাধিক গোলের সুযোগ পেয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেনি প্রতিপক্ষ আনসার ভিডিপি বলাকা ক্লাব আগড়া। খেলার শেষ দিকে আনসার ভিডিপি বলাকা ক্লাবের গোলরক্ষক একটা গোল প্রতিহত করতে গিয়ে মারাত্মক ইনজুরিতে পড়ে। বদলী গোলরক্ষক না থাকায় বাকি সময় খেলতে অস্বীকৃতি জানায় আনসার ভিডিপির অধিনায়ক। শেষ পর্যন্ত রেফারী কামরুল হাসান শেষ বাঁশি বাজিয়ে প্রীতি ম্যাচের ইতি টানেন। ১-০ গোলে জয়ী হয়ে টানা ৫ম জয়ের স্বাধ পায় প্রীতি ম্যাচে তরুণ সংঘ ছাতিয়ানতলা।

কুমার কল্যাণ বলেন, করোনায় স্কুল কলেজ বন্ধ থাকার সুযোগে দীর্ঘদিন এ মাঠে খেলাধুলা বন্ধ ছিল। খেলাধুলা টিকিয়ে রাখতে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। দীর্ঘ দিন যাবৎ বাঘারপাড়া উপজেলা ক্রীড়া সংস্থা উপজেলার ইউনিয়নে খেলাধুলার আয়োজন করতে ব্যর্থ হয়েছেন। তবে কিছুদিন আগে বাঘারপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব তানিয়া আফরোজ মহোদ্বয় আশ্বস্ত করেছেন, করোনার রেশ কেটে গেলে তার পক্ষ থেকে আন্ত-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য শামসুর রহমান, ক্রীড়া অনুরাগী মোঃ আব্দুল্লাহ, মোঃ পলাশ সহ অনেকে। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।। আগামী মঙ্গলবার একই মাঠে আরও একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

খেলা শেষে সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের সৌজন্যে সেরা খেলোয়াড় জুনায়েদ হোসেন কে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন কামরুল হাসান। সহকারী রেফারি ছিলেন সাইফুল ইসলাম ও আব্দুল জব্বার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে