অসুস্থতার সংবাদ উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এসেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ওই সময়েই বোন কিম ইয়ো জংয়ের ক্ষমতাও বাড়িয়ে দেন তিনি। এরই মধ্যে নতুন করে সংবাদ বেরিয়েছে, কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

দক্ষিণ কোরীয় এক কূটনীতিকের বরাতে এমন সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও ফক্স নিউজ।

সংবাদে জানানো হয়েছে, বর্তমানে কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এমন পরিস্থিতিতে তার ছোট বোন কিম ইয়ো জং দেশটির ক্ষমতায় আসতে যাচ্ছেন।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটার বিষয়টি দেশটি আড়াল করে রাখছে বলে দাবি করেছেন  দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে জুং-এর সাবেক সহযোগী চ্যাং সং মিন। স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার ধারণা তিনি কোমায় আছেন। তবে তিনি মারা যাননি। তিনি আরো বলেন, ‘কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং (৩৩) ভাইয়ের কিছু ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। কিমের উত্তরাধিকারী কে হবে তা হয়তো এখনও চূড়ান্ত হয়নি। আবার দীর্ঘকাল ধরে তার জায়গা শূন্য অবস্থায়ও দেখানো যাচ্ছে না।’

সে কারণেই হয়তো সাম্প্রতিক সময়ে বার বার কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে বলেও মন্তব্য করেন এই কূটনীতিক। এ সপ্তাহের শুরুতেই বোন কিম ইয়ো জংকে দেশটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানায় উত্তর কোরিয়া সরকার। এর ফলে তিনি এখন থেকে দেশটির প্রধান নীতি নির্ধারক হিসেবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ করবেন। এর আগেও কিমের অসুস্থতা নিয়ে বেশ কয়েকবার গুজব তৈরি হয়। চলতি বছরে জনসম্মুখে তার উপস্থিতি কমে আসার ফলে শারীরিক অবস্থা নিয়ে নানা সংবাদ ছড়ায়। এর মধ্যে কিছুদিন আগে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। দেশটির পক্ষ থেকে তাদের সর্বোচ্চ নেতার সম্পর্কিত এ সকল গুজবই প্রত্যাখ্যান করা হয়। তবে সাম্প্রতিক অসুস্থতার বিষয়ে কিছুই এখনো জানায়নি তারা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে