রামপুরার বনশ্রী আবাসিক এলাকায় আনুষ্ঠানিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করল “বনশ্রী ক্রীড়া চক্র”। কোরবানীর ঈদ ও ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে বনশ্রীবাসীকে সুরক্ষা ও সচেতন করার লক্ষে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের শুরুতেই বনশ্রী ক্রীড়া চক্রের স্বেচ্ছাসেবকগন বনশ্রী আবাসিক এলাকার এ ব্লক হতে ডি ব্লক পর্যন্ত যে সকল বাড়ীতে কোরবানি দেয়া হবে তাদেরকে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারনা দেন।
এছাড়াও বনশ্রীবাসীদের নিকট নিজ নিজ বাসস্থানকে কিভাবে এডিস মশা মুক্ত রাঝা যায় সে বিষয়ে তথ্য প্রদান করে সহযোগিতা করেন। সামাজিক সংগঠন বনশ্রী ক্রীড়া চক্রের সভাপতি আলি আজম ভুঁইয়া নাদিম বিডি টাইমস নিউজকে জানান,”আমরা মুলত কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন ও বনশ্রী সোসাইটির নেয়া উদ্যোগকে সহযোগিতা করতেই মাঠে নেমেছি। প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে এই সচেতনতা তৈরি হলে খুব দ্রুততম সময়ে আমাদের এই এলাকা কোরবানি পরবর্তী সময়ে পরিষ্কার করব আশা করি।
এছাড়াও এখন যে হারে বৃষ্টি হচ্ছে তাতে এডিস মশার প্রকোপ দেখা দিতে পারে। গত বছরের ডেঙ্গু অভিজ্ঞতা কোন ভাবেই সুখকর না, তাই এ বিষয়টিও নজরে আনতে চাই সকলের। আগামীকাল বিকাল হতে আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষ ময়লার ব্যাগ সরবরাহ করবো বনশ্রীবাসীদের জন্য এবং ঈদের তিন দিন আমরা নিজস্ব উদ্যোগে ব্লক প্রতি ব্লিচিং পাউডার ছিটাবো। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
উল্লেখ্য, বনশ্রী ক্রীড়া চক্রের বর্তমান কার্য নির্বাহী কমিটির সকলের উপস্থিতিতেই এই আয়োজন হয়। আগামীকাল বিকেল ৪টা থেকে বর্জ্য ব্যবস্থাপনার উপকরন বিতরন শুরু হবে।আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মাসুদ রানা, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী জনাব হাবীবুর রহমান জুয়েল, সামাজিক সংগঠন বনশ্রী ক্রীড়া চক্রের সদস্যগনসহ ডিজিটাল পার্টনার হ্যাসবিডির কর্ণধার জনাব আলি মহসিন।




নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























