করোনাভাইরাস বা কোভিড-১৯ এর মহামারীর মধ্যে বাংলাদেশ ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিশেষ ব্যবস্থায় ঢাকা ছেড়েছেন ১২৩ জার্মান নাগরীক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল।

মোহাম্মদ সোহেল বলেন, ‘বাংলাদেশে অবস্থানরত ১২৩ জন জার্মান নাগরিক শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনেটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নিজেদের দেশে রওনা হয়েছেন। এর আগে গত সোমবার ১৭৮ জন রুশ নাগরিক ঢাকা ছাড়েন। গেল সপ্তাহে জাপান দূতাবাসের চার্টার করা ফ্লাইটে দেশে ফেরেন দেশটির ৩২৫ জন নাগরিক। আর দুই দফায় ৫৯১ জন মার্কিন নাগরিকও ঢাকা ছেড়েছেন। তারও আগে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজে সে দেশের ২২৫ জন ও ভুটান সরকারের ব্যবস্থাপনায় একইভাবে তাদের ১৩৯ জন নাগরিক ফিরে যান।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ। এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























