বিএনপির বর্তমান সংকটময় মুহূর্তে দলের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের বিকল্প নেই বলে মনে করছেন তৃণমূলের বেশির ভাগ নেতা। খালেদা জিয়ার মুক্তিসহ দাবি আদায়ের আন্দোলনে সঠিক নেতৃত্ব দিতে কেন্দ্রীয় নেতারা ব্যর্থ বলে অভিযোগ তাদের।
তবে জ্যেষ্ঠ নেতারা সফল আন্দোলন না হওয়ার জন্য দায়ী করছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে। এক যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি, ৪১ বছরের রাজনীতিতে এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। এখন সরকার পতন বা অন্য দাবি আদায়ের চেয়ে গুরুত্ব পাচ্ছে চেয়ারপারসনের মুক্তির বিষয়টি। তবে, গত দুই বছরেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে জোরালো কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি। আদালত বা রাজপথ কোন ভাবেই দল প্রধানকে মুক্ত করতে না পারার দায় পড়ছে শীর্ষ নেতৃত্বের উপর।
বর্তমান নেতৃত্ব দিয়ে জোরালো আন্দোলন সম্ভব নয় বলেও মনে করছেন দলের অনেক নেতা। জেষ্ঠ্য নেতারা বলছেন, সফল আন্দোলন গড়ে তুলতে তাদের চেস্টার কোন কমতি ছিল না।
ঢাকায় শক্ত অবস্থান আছে, এমন নেতারাই শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এলে দল ঘুরে দাড়াবে বলেও মনে করছেন ঢাকা মহানগর নেতারা। দল ঘোষিত যে কোন কর্মসূচি পালনে প্রস্তত বলেও জানান তৃণমূল নেতারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














