কভিড সংক্রমণ রোধে এবার বাংলাদেশসহ সাত দেশে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কুয়েত। ভাইরাস পরীক্ষার সনদ চাওয়ার পর এবার এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। দেশটির ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ ছাড়া অন্য ছয়টি দেশ হল ভারত, শ্রীলঙ্কা, মিসর, লেবানন, সিরিয়া ও ফিলিপিন্স। এই সাত দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করেছে কুয়েত। এছাড়াও, এসব দেশে ২ সপ্তাহ ধরে বসবাস করা কুয়েতের নাগরিকদের নিজ দেশে ফেরার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
কুয়েতের সংবাদপত্র আরব টাইমস জানিয়েছে, এই সাতটি দেশ থেকে কুয়েতের নাগরিক দেশে ফিরতে পারবেন, তবে তাদের ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। গত মঙ্গলবার কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছিল, ঢাকায় তাদের দূতাবাস থেকে একটি সনদ নিয়ে তারপর সে দেশে যেতে হবে। যেখানে লেখা থাকবে ওই যাত্রী কভিডে আক্রান্ত নন। ৮’ই মার্চের পর ওই সনদ ছাড়া বাংলাদেশসহ ১০টি দেশের নাগরিকদের ঢুকতে দেয়া হবে না বলে জানানো হয়েছিল। এতে বাংলাদেশ থেকে কুয়েতগামীরা আটকে পড়লে তাদের পরীক্ষা করে সনদ দেয়ার সিদ্ধান্ত জানায় আইইডিসিআর।
কুয়েতে কভিডে মোট আক্রান্তের সংখ্যা ৫৮ জন। এরমধ্যে কেবল একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























