কুষ্টিয়া প্রতিনিধিঃ বঙ্গীয় সাহিত্য ও সংস্কৃতি সংসদ কুষ্টিয়া শাখার আয়োজনে “মুজিব শতবর্ষ” উদযাপনের প্রস্তুতি ও “ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিকেলে সরকারী কলেজ অডিটটিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক অধ্যাপক শিশির কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বঙ্গীয় সাহিত্য সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। মূখ্য আলোচক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

ড. শর্মিষ্ঠা হোসেনের পরিচালনায় সন্মানিত অতিথি ছিলেন উপ-উপাচার্য ও সংগঠনের বিশ্বসভার সদস্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, কলা অনুষদের ডীন ও সংগঠনের কুষ্টিয়া শাখার সদস্য অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সফিকুর রহমান খান, সাবেক সচিব কাজী অাখতার হোসেন এবং আবৃত্তি পরিষদের সভাপতি কবি আলম আরা জুঁই। প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচিত করিয়েছিলেন। তার সুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষায় আর্ন্তজাতিকীকরণের লক্ষ্যে তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ভাষা আন্দোলনে জাতির জনকের অবদান ছিল অসীম। তার ৫৫ বছরের ক্ষূদ্র জীবনে বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ করেছেন। তিনি আরও বলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ বাংলা ভাষা ও সংস্কৃতির উৎকর্ষ সাধনের মাধ্যমে বাঙালী সত্ত্বার বিকাশ ঘটাচ্ছে। মূখ্য আলোচক কামরুল ইসলাম বলেন উন্নত সমাজ গঠন করতে হলে সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। বায়ান্নর ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালীর সাংস্কৃতিক চেতনা গড়ে উঠেছে। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও বাঙালী জাতীয়তাবাদ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। সন্মানিত অতিথির বক্তব্যে ড. শাহীনুর রহমান বলেন ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটেছিল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে আমরা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে পেতাম না এবং স্বাধীনতা অর্জনও সম্ভব হত না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ রবিউল হক। এছাড়াও “বঙ্গবন্ধু ও বাংলা ভাষার বিশ্বায়ন” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ইমাম মেহেদী। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে