চট্টগ্রামঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, গাছপালা লাগিয়ে কাঁটাতার দিয়ে বেঁধেও স্কুলের চারপাশে বাউন্ডারি করা যায়। তাতে স্কুলটি যেমন দেখতে দৃষ্টিনন্দন হয়, পরিবেশের ভারসাম্যও রক্ষা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮বছর পূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন। বিদ্যলয়ের চারপাশে বাউন্ডারি নির্মাণের দাবীর প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, আমি বাউন্ডারি নির্মাণের পক্ষে নই। আমার বাড়িতেও কোন বাউন্ডারি নাই। আমার বাড়ির বাউন্ডারি হচ্ছে গাছপালা লাগিয়ে কাঁটাতারের বেড়া। কারণ বাউন্ডারি নির্মাণের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় সেটি দিয়ে আরো অনেক দরকারি কাজ করা যায়। গ্রামীণ রান্তা সংস্কারের পর রাস্তার দু’পাশে গাছ লাগানোর জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গাছ লাগানো হলে রাস্তায় নান্দনিকতা ফিরে আসবে এবং গ্রামটিকে অনেক সুন্দর ও ভালো লাগবে। আমার গ্রামও অনেক সুন্দর, শ্বশুর বাড়ির গ্রামও অনেক সুন্দর দেখাবে। আমার গ্রামের নাম সুখবিলাস, আমার শ্বশুর বাড়ির গ্রামের নাম সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর। আপনাদের গ্রামটি অনেক সুন্দর, এই গ্রামটিকে সাজিয়ে রাখার দায়িত্বও আপনাদের। তিনি বলেন, এই এলাকার রাস্তাগুলোতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কিছু কাজ হয়েছে। আমরা ১১ বছর ক্ষমতায়, সেকারণে বর্তমানে রাস্তাগুলো কিছু কিছু জায়গায় মেরামতের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেকাজও হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উত্তরজেলা আওয়ামীলীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ইউএনও সায়েদুল আরেফিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাঈল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, তথ্যমন্ত্রীর সহধর্মিনী আজিমপুর গ্রামের কৃতি সন্তান নুরান ফাতিমা হাছান প্রমুখ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে