ঢাকার দুই সিটিতেই বিদ্রোহী প্রার্থী নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। দফায় দফায় বৈঠক বহিস্কারের হুমকি উপেক্ষা করে ভোটের মাঠে আছেন দুই দলের দেড়শ প্রার্থী। কিছু ওয়ার্ডে সমর্থন ঠিক হয়নি স্বীকার করছে বিএনপি। তবে কাউন্সিলর পদে দলীয় প্রতীকে না থাকায় বিষয়টি খুব একটা আমলে নিচ্ছে না আওয়ামী লীগ।

তফসিলের পর থেকেই কাউন্সিলর পদে নিজ নিজ ওয়ার্ডে জনসংযোগে নামেন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। দলীয় সমর্থন পেতে নানাভাবে সামনে আনেন নিজেদের প্রভাব। তবে দল সিদ্ধান্ত দেয়ার পরও ভোটের মাঠ ছাড়েননি আওয়ামী লীগ-বিএনপির অনেক স্থানীয় নেতা। দক্ষিণ ঢাকার ৭৫ ওয়ার্ডের ৪২টিতেই মাঠে আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলের সিদ্ধান্তের বাইরে কাউন্সিলর পদে লড়ছেন ৭২ জন। উত্তরেও ভোটে লড়ছেন ৫০ বিদ্রোহী।

ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাইজুল ইসলাম বাপ্পি বলেন, প্রার্থী মনোনয়ন দেয়ার সময়ে কিছুটা ভুল হয়েছে। জনগনের সাথে যার কোনো ভালো সর্ম্পক নাই তাকে মনোনয়ন দেয়া ঠিক হয় নাই।

ঢাকা উত্তরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদ হাসান আজাদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যদি আমাকে সমর্থন দেয়া হতো তাহলে আমি ৮০ ভাগ ভোট পেয়ে বিজয়ী হতাম। তবে তাদের নিয়ে খুব একটা চিন্তিত নয় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আমাদের সকলের প্রধান লক্ষ্য হচ্ছে মেয়র নির্বাচন করা। আওয়ামী লীগ মনোনীত মেয়র নির্বাচিত হলে ঢাকা সিটিতে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

ঢাকার দুই সিটিতে শক্তিশালী ৩০ বিদ্রোহী প্রার্থীকে চিঠি দিয়েও সাড়া পায়নি বিএনপি। ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান বলেন, এবার আমার মনোনয়ন পাওয়ার আশাটা বেশি ছিলো। কোনো হলো না সেটা আমার জানা নাই সেজন্য ক্ষোভ থেকে নির্বাচনে থাকা।

আওয়ামী লীগ গুরুত্ব না দিলেও বিদ্রোহীদের ভোটের মাঠ থেকে সরাতে শুরু থেকেই তৎপর ছিলেন বিএনপি নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা বলেছি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এই ধরনের মার্কাবিহীন নির্বাচনে এটা হবে। এদিকে অভ্যন্তরীণ এই কোন্দলে ভোটের পরিবেশ যেনো নষ্ট না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে