বিদেশি বিনিয়োগকারীদের এখন আর শাহজালাল বিমানবন্দরে লাগেজ সংগ্রহ কিংবা ইমিগ্রেশনে কোন ঝক্কি-ঝামেলা পোহাতে হবে না। তাদের হয়ে এসব কাজ করে দেবে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা। সোমবার বিকেলে বিমানবন্দরে চামেলি বিডা লাউঞ্জ উদ্বোধন করে এসব কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান বিনিয়োগকারীর সুবিধায় চার সংস্থার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালকে আনা হচ্ছে এক ওয়েবসাইটে।

বিদেশি বিনিয়োগকারী ও দেশি সিআইপিদের ইমিগ্রেশনের সুবিধায় প্রথমবারের মতো শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে নির্মাণ করা হয়েছে এই বিশেষ লাউঞ্জ। এখানে থাকছে সাময়িক বিশ্রামের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা। দেশের বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে ছোট ছোট প্রকাশনা।

বাংলাদেশে আসা ও ছেড়ে যাওয়ার সময় বিডাকে অবহিত করলে এসব সেবা পাবেন বিদেশি বিনিয়োগকারীরা। এমনকি লাইনে দাঁড়িয়ে তাদের লাগেজ সংগ্রহ করতে হবে না। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বিনিয়োগকারীর সুবিধায় বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারকে এক ছাদের নিচে আনা হচ্ছে। তিনি আরো বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে বিভিন্ন সংস্থার সাথে কাজ করছে বিডা। বিশ্বব্যাংকের এবারের ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্টে বাংলাদেশ ভাল করবে বলেও আশা প্রকাশ করেন সালমান এফ রহমান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে