সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার বদলে জ্যোতিষী হিসেবে নিয়োগ দেয়া হোক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী হওয়ার জপির প্রকাশের সূত্র ধরে শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় আলোচনা শেষে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেছেন, এখানে তাদের দুই মেয়রপ্রার্থী জয়লাভ করবে। আপনাদের নিশ্চয় মনে আছে, গত সংসদ নির্বাচনের আগেও জয় সাহেব ভবিষ্যদ্বাণী করেছিলেন। আজকেও তিনি সেইভাবে ভবিষ্যদ্বাণী করেছেন। যারা জ্যোতিষী তারা এ ধরনের ভবিষ্যদ্বাণী করে থাকেন। আমার মনে হয় এখন প্রধানমন্ত্রীর চিন্তা করা উচিত, তাকে উপদেষ্টা রাখবেন নাকি জ্যোতিষী হিসেবে নতুন করে নিয়োগ দেবেন।
বিএনপি মহাসচিব বলেন, জয় আগে যেসব ভবিষ্যৎবাণী করছেন তা নির্বাচনকে প্রভাবিত করেছে। যখন সরকারি দলের বড় নেতা বা কর্মকর্তারা যদি এ ধরনের কথা বলেন, তখন ডেফিনেটলি নির্বাচন ব্যবস্থার ওপর একটা প্রভাব পড়ে। নির্বাচন কমিশনে যারা ভোট গ্রহণ করেন তাদের সবার ওপর প্রভাব পড়ে।

সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বিএনপির দুই প্রার্থীই জয়ী হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভোটাররা যেন কেন্দ্রে না যায় সে ব্যবস্থাই করছে সরকার। বৃহস্পতিবার আওয়ামী লীগের সমাবেশ নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সকাল পর্যন্ত যা দেখেছি এবং সরকারের কর্মকর্তাদের যেসব কথা শুনছি তাতে এটাই স্পষ্ট যে, সরকার চেষ্টা করছে পুরো নির্বাচনটাকে নিয়ন্ত্রণে নেয়ার। ইতোমধ্যে সরকারি দলের সাধারণ সম্পাদক তো বলেছেন প্রত্যেকটা কেন্দ্র তারা পাহারা দেবেন, নিয়ন্ত্রণ করবেন। সরকারি দলের নেতারা যেভাবে তাদের নেতাকর্মীদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, তাতে মনে হয় তারাই কেন্দ্র নিয়ন্ত্রণ করবেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য ইসির কোনো পদক্ষেপ নেই। নির্বাচন কমিশন সকল যোগ্যতা হারিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে গুলশানে দক্ষিন সিটি বিএনপি মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সাথে বৈঠক করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে