চট্টগ্রাম, বুধবারঃ ‘জনগণ আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে, আর বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম-এর নাগরিক শোকসভায় বিশেষ অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি বিষয়ে তিনি একথা বলেন। প্রয়াতের বড় ভাই ইসমাইল হোসেন মানিকের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম-৮ আসনে নাকি যারা বিদেশে  থাকতেন , যারা মৃত, এ ধরনের অনেক মানুষ ভোট দিয়েছেন। আমি প্রশ্ন করতে চাই, চট্টগ্রাম মহানগর  এলাকায়  ভোটারের সংখ্যা প্রায় পৌনে ৪ লক্ষ। সেই পৌনে ৪ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ৩৬ হাজার ভোট পেয়েছেন। যদি ভোটকেন্দ্র দখল হতো, আর তার ভাষ্য অনুযায়ী এ ধরনের ভোটাররা যদি ভোট দিত তাহলে  মোছলেম উদ্দিন এক-দেড় লক্ষ ভোট পেত।’

মন্ত্রী বলেন, ‘সুতরাং বলা যায়, এখানে পরিপূর্ণ সুষ্ঠু ভোটের মাধ্যমে মোছলেম উদ্দিন জয়ী হয়েছেন। সুষ্ঠু নির্বাচন হয়েছে বিধায় ভোট প্রদানের হার ২৫ শতাংশের নিচে। অন্যথায় ভোট প্রদানের হার আরো অনেক  বেশী হতো। এই ধরনের মিথ্যা ভাষণ দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। এই ধরনের বক্তব্য দিয়ে বিভ্রান্ত  না করতে তাদের  প্রতি অনুরোধ জানাবো। জনগণ আওয়ামী লীগের সাথে, শেখ হাসিনার সাথে রয়েছে।’

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে