ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মিরপুরের দারুসসালামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে তাবিথসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিএনপির সমর্থক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার গাবতলীর পর্বতা সিনেমা হলের কাছে কলাবাজার এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তা‌বিথ আউয়াল। তাদের প্রচার মিছিল মিরপুরের দারুসসালাম থানার ৯ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় এলে আওয়ামী লীগের সমর্থকরা বাধা দেয়। এর পরপরই লাঠিসোঁটা নিয়ে পেছন থেকে হামলা চালায় তারা। তাবিথ ও তার সঙ্গীদের ওপর ঢিল ছোড়ে। কয়েকটি ঢিল তাবিথের গায়ে ও মাথায় লাগে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহতদের বাসে করে কল্যাণপুরে সরিয়ে নেয়া হয়।হামলার পর তাবিথ অভিযোগ করেন, ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারোয়ারের নেতৃত্বে এই হামলা হয়। তাবিথ বলেন, প্রায় ২৫ থেকে ৩০ জন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। এ হামলাকে কাপুরুষোচিত বলে অভিহিত করেন তাবিথ আউয়াল। বলেন, যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাব।

ঘটনাস্থলে থাকা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী বলেন, আমাদের ওপর দুই দফা হামলা হয়েছে। আমাদের প্রার্থীসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।সংঘর্ষে আশপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে, এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে