সারাদেশে হালনাগাদ ভোটার তালিকা-২০১৯ এর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১ মার্চ (রোববার)।
সোমবার (২০’শে জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। খসড়া তালিকা নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, তথ্য সংগ্রহের পর দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং হিজড়া ৩৫৩ জন রয়েছেন। এই খসড়া তালিকা ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা নির্বাচন কর্মকর্তারা কার্যালয়সহ সংশ্লিষ্ট সব স্থানে প্রদর্শন করে রাখা হবে। এতে কোনো ভুল থাকলে বা কেউ যুক্ত হতে চাইলে বা কোনো সংশোধন করার থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন নিষ্পত্তি করা হবে ১২ ফেব্রুয়ারি (বুধবার)। পরে নির্দিষ্ট প্রক্রিয়া শেষে ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, এবারের হালনাগাদে দ্বৈত ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন। যাচাই-বাছাই করে এই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৮২ জন।
১’লা জানুয়ারি ২০০২ এর আগে যাদের জন্ম তাদের এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুই বছরের তথ্য আগাম সংগ্রহ করে রাখা হয়েছে। এদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নাম স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























