মুক্তিযুদ্ধের সময় দেশি-বিদেশি ফটোগ্রাফার ও বিভিন্ন সংবাদসংস্থা হাজারো ছবি তুলেছিল। এই ছবিগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসের জীবন্ত সাক্ষী। সেই সব ছবির মধ্যে জায়গা পেয়েছে পাকিস্তানিদের সংঘটিত বাঙালি গণহত্যা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অভিযান, শরণার্থীদের করুণচিত্র, বঙ্গবন্ধুর ছবি, বাঙালির রাজনৈতিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের ছবি, তখনকার সময়ের বাংলাদেশ ও রাজধানীর ছবি। এই রকম পাঁচ হাজার ছবি ও ফটোগ্রাফারের নাম এবং মূল ক্যাপশনসহ অনলাইনে বিনামূল্যে প্রদর্শনের জন্য উন্মুক্ত করেছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ।
ছবিগুলো স্টক ফটোগ্রাফি আর্কাইভ- ম্যাগনাম, গেটি, এপি, ব্যাটম্যান, হুলটন, ম্যাজরিটি ওয়ার্ল্ডসহ বিভিন্ন ফটোগ্রাফারের ব্যক্তিগত আর্কাইভ হতে সংগ্রহ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের পরিচালক সাব্বির হোসাইন বলেন, এই ছবিগুলোর কপিরাইটের মালিক মূল স্টক ফটোগ্রাফি আর্কাইভগুলো। তারা বিনামূল্যে এগুলো প্রদর্শনের জন্য হাইরেজুলেশানে একটি নির্দিষ্ট প্রিভিউ সাইজ নির্ধারণ করে দেয়। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ এই হাইরেজুলেশান প্রিভিউতে ছবিগুলো প্রদর্শন করে। বর্তমানে এরকম ১৩০০টি হাইরেজুলেশান ছবির প্রদর্শন আমরা অনলাইনে উন্মুক্ত করেছি, বাকি ছবিগুলো প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে।
দেশি-বিদেশি সেই সব বিখ্যাত ফটোগ্রাফার ও সংবাদমাধ্যমের তোলা দুর্লভ ছবিগুলো বিনামূল্যে দেখা যাবে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের ওয়েবসাইটে। এ জন্য ভিজিট করুণ এই ঠিকানায়ঃ http://www.liberationwarbangladesh.org/2017/01/71-photo-archive.html
মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক সাব্বির হোসাইনের ব্যাক্তিগত সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধ ও এসম্পর্কিত দেশি-বিদেশি ফটোগ্রাফারের তোলা প্রায় ০৫ হাজার হাই কোয়ালিটি ছবি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের’ মাধ্যমে জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে।














