ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটিতে সংসদ সদস্য ও মন্ত্রীরা থাকতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
কে এম নূরুল হুদা বলেন, আচরণবিধি অনুযায়ী সংসদ সদস্য ও মন্ত্রীরা নির্বাচন সংক্রান্ত কাজ এবং প্রচারণা করতে পারবেন না। তবে রাজনৈতিক কাজ করতে পারবেন। সাংসদরা নির্বাচন সংক্রান্ত কোনো কমিটিতে আছেন কি না তার জানা নেই। এমনটি হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি।এর আগে ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ বলেন, আচরণবিধিতে নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্যরা ও সরকারি সুবিধাভোগীরা অংশ নিতে পারবেন না এটার ব্যাখ্যা পরিষ্কার না।
তোফায়েল আহমেদের দাবি, এই বিধি স্ববিরোধী। বিধিতে না থাকলেও তার দাবি ভোট চাওয়া ছাড়া নির্বাচন সংক্রান্ত অন্য সব কাজে সাংসদ ও মন্ত্রীরা অংশ নিতে পারবেন। সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও আইনসম্মত হবে জানিয়ে আওয়ামী লীগ সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














