সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সংস্কারকাজ উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা করতে পারবেন না। নির্বাচন কমিশনের কাছে জানতে চাই- এটি কেমন লেভেল প্লেয়িং ফিল্ড?উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিতর্ক আছে বলে দাবি করেন তিনি।ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনসম্মুখে প্রচার চালাতে পারবে অথচ আওয়ামী লীগের ক্ষমতাসীন সংসদ সদস্যরা কেন পারবেন না তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থেকেই যায়।এরপর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচনী প্রচারণায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও মওদুদ আহমদের মতো সিনিয়র নেতারা অংশ নিতে পারছেন বলে মন্তব্য করেন কাদের।
ভারতের নির্বাচনের উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, ভারতের বিধানসভা নির্বাচনে তাদের প্রধানমন্ত্রীও নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন অথচ আমরা তা পারি না।সড়কে অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হয়েছে মন্তব্য করে কাদের বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই এখন বড় চ্যালেঞ্জ। সরকার মুজিববর্ষে জনগণের স্বার্থে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার এজেন্ডা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














