ইভিএম কে ‘ভোটধিকার হত্যার নিঃশব্দ প্রকল্প’ বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার দলীয় ব্যবসায়ীদের সুবিধা করে দিতেই ইভিএমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা বিশ্বের নির্বাচনী প্রক্রিয়ায় ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’ বিতর্কিত। কিন্তু নির্বাচন কমিশন ঢাকা সিটি নির্বাচনের সব কেন্দ্রে সেই ইভিএম ব্যবহারের একতরফা ব্যবস্থা নিয়ে ডিজিটাল কারচুপির এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।‘আগামী ৩০ জানুয়ারির ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নুরুল হুদা কমিশনের নেতৃত্বে ইভিএম ব্যবহারের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা ভবিষ্যতে সরকার পরিবর্তনের যে কোন নির্বাচনে ‘প্রযুক্তির মাধ্যমে ভোটাধিকার হত্যার এক নিঃশব্দ প্রকল্প’ বাস্তবায়নের দুরভিসন্ধি মাত্র।’

তিনি আরও বলেন, ‘এবার কমিশন ইভিএমের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নিঃশব্দ ভোট কারচুপির ষড়যন্ত্রে মেতে উঠেছে। যাতে রাতে বা দিবালোকে ভোট ডাকাতির মতো কোনো হইচই থাকবে না। সবাই দেখবে সব ঠিকঠাক মতো চলছে; কিন্তু ডিজিটাল কারচুপির মাধ্যমে অতি সহজভাবে ভোট ডাকাতি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে।’

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে