মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশ করা রাজাকারের তালিকায় এসেছে চট্টগ্রামের আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বাবার নাম। এ নিয়ে বিব্রত দলের নেতা-কর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাবার নামও আছে এই তালিকায়।
চট্টগ্রামের রাউজান আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বাবা ফজলুল কবির চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাবা মাহমুদুন নবী চৌধুরীসহ চট্টগ্রামের ২৭ জনের নাম রয়েছে রাজাকারের তালিকায়।
সংসদ সদস্যের বাবার এবং আমীর খসরুর বাবার নাম তালিকায় থাকায় এ নিয়ে চট্টগ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তালিকায় ফজলুল কবির চৌধুরীর নাম থাকার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তার দৌহিত্র ফারাজ করিম চৌধুরী।স্বাধীনতার ৪৮ বছর পর প্রথমবারের মতো রাজাকার, আলবদর, আলশামসসহ স্বাধীনতাবিরোধীদের আংশিক তালিকা প্রকাশ করায় তা নিয়ে সন্তুষ্ট চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।আওয়ামী লীগ নেতারাও সন্তুষ্ট তালিকা নিয়ে। তারা বলছেন, মুক্তিযুদ্ধের পর অনেক রাজাকার ও তাদের পরিবারের সদস্য খোলস পাল্টে দলের নেতা-কর্মীদের সঙ্গে মিশে গিয়েছিল। তালিকা ধরে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন তারা।
শিগগিরই রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার পাশাপাশি শহীদদেরও তালিকা প্রকাশের দাবি চট্টগ্রামের সুশীল সমাজের। বিজয় দিবসের আগে রাজাকার, আলবদরসহ ১০ হাজার ৭শ ৮৯ জন স্বাধীনতাবিরোধীর তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














