রাজধানীর হাইকোর্টের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে নেতা-কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতা-কর্মীরা হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কোনো অনুমতি না নিয়েই সড়ক অবরোধ করে এবং তাদের ওপর হামলা চালায় বিক্ষোভ কারীরা। পরে, তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল আয়োজিত সমাবেশ শেষে আকস্মিকভাবে মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। মিছিল নিয়ে তারা হাইকোর্টের মূল ফটকে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
একপর্যায়ে সড়ক অবরোধ করে শুরু করে বিক্ষোভ। এতে যানজট তৈরি হলে সড়ক ছেড়ে দিতে নেতা-কর্মীদের পুলিশ আহ্বান জানালে সৃষ্টি হয় উত্তেজনা। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, সমাবেশ করার জন্য আর অনুমতির অপেক্ষায় থাকবেন না তারা। ঘোষণার দুই দিন পরই অনুমতি ছাড়া সমাবেশ করলো বিএনপি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























