আটটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী বছরের ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর দারুস সালাম এলাকায় নাশকতার অভিযোগে এসব মামলা হয়।
আজ (বুধবার) কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ শুনানির দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, এসব মামলার কয়েকটি উচ্চ আদালতে স্থগিত আছে। এ অবস্থায় অভিযোগ গঠন শুনানির জন্য আদালত নতুন এদিন ধার্য করেন। এদিন চিকিৎসাধীন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি।এর আগে ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। খালেদা জিয়া সহ মামলার আসামিরা হলেন, বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।
১৭ বছর দণ্ডিত হয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























